নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শিশুকাননে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দের মিলনমেলায়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যসহ গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও রঙিন পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আবহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সৃজনশীলতা ও সামাজিক মূল্যবোধ বিকাশেও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করে।
জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, সুস্থ ও মানবিক প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু রাখা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত কর কমিশনার মোঃ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মান্নান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল করিম, উপাধ্যক্ষ মোঃ বদর উদ্দিন আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাজহারুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম ও দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ধল্লা শিশুকাননের শিক্ষার পরিবেশ ও সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

