বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা সোমবার (৫ জানুয়ারি) চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে প্রেরিত চিঠির মাধ্যমে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি। মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার কারণে বাংলাদেশের মানুষ আঘাতপ্রাপ্ত, মর্মাহত ও ক্ষুব্ধ বোধ করছে।
সেজন্য, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সমস্ত আইপিএল ম্যাচ ও সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, মোস্তাফিজকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার দিনই ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় কঠোর প্রতিক্রিয়া জানিয়ে তথ্য মন্ত্রণালয়কে আইপিএল সম্প্রচার স্থগিত করার জন্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

