সময়পত্র ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাতে পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে মূর্তিটির খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। বিজিবির তত্ত্বাবধানে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
ডিজিটাল পরিমাপের মাধ্যমে উদ্ধার করা মূর্তিটির ওজন ৮৫ কেজি নির্ধারণ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।
এদিকে, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পাথরটির সত্যতা নিশ্চিত করে ইতোমধ্যে একটি সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

