সময়পত্র ডেস্ক: সরকারি কর্মচারীদের প্রচলিত ভাতা আগের নিয়মেই বহাল রাখার বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ছাড়াও রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত যেসব ভাতা কর্মচারীরা মূল বেতনের নির্দিষ্ট শতকরা হারে পেয়ে আসছেন, সেগুলো আগের নিয়মেই নির্ধারণ ও পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব ভাতা হিসাবের ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুন কর্মচারীরা যে পরিমাণ মূল বেতন পেয়েছেন, সেটিকেই ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

