সময়পত্র ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।
দূতাবাসের তথ্যমতে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে এবং সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
এ ছাড়া দূতাবাস সতর্ক করেছে, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে।

