ক্রিড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রোস্টন চেজকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ।
তিন সংস্করণে টানা খেলার ধকল সামলাতে শাই হোপকে বিশ্রাম দিয়েছে দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার কেভিন উইকহ্যাম। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি করে নজর কেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে ছয়টি শতক।
পেস বোলিং বিভাগে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে রয়েছেন শামার জোসেফ ও জেইডেন সিলস। অন্যদিকে, স্পিন আক্রমণে দলের ভরসা জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ।
এ ছাড়া, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা ওপেনার জন ক্যাম্পবেলের দলে ফেরাও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

