সময়পত্র ডেস্ক: শত্রুপক্ষের বিভিন্ন বক্তব্য ও হুমকি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবোল্লাহ সায়্যারী বলেন, ‘শত্রুর কথাবার্তা যা-ই হোক, বাস্তবতা হলো হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’
তিনি জানান, ওমান সাগরের উত্তরাঞ্চল ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
সায়্যারীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল, পুরো প্রণালি এবং পারস্য উপসাগর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, প্রণালির পূর্বাঞ্চল ও ভারত মহাসাগরের উত্তরাংশ ইরানের নৌবাহিনী নিয়ন্ত্রণ করছে বলে জানান তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু করতে ইরানের প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়নি। ফলে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হয়েছে।

