নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের হরিরামপুরে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উৎসাহিত করা এবং বেসরকারি সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝিটকা জোনাল অফিসে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান, গ্রাহক প্রতিনিধি, বৈদ্যুতিক মালামাল ব্যবসায়ী, সার্ভিস প্রোভাইডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিটকা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হামিদুল হাসান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকদের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ ও সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে বেসরকারি সার্ভিস প্রোভাইডার নির্বাচন ও তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মতবিনিময় সভায় রুফটপ সোলার ব্যবহারের সুবিধা, বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং নেট মিটারিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের করণীয় ও দায়িত্ব নিয়েও আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ভারপ্রাপ্ত) মো. আবদুল খালেক, জুনিয়র ইঞ্জিনিয়ার উত্তম কুমার মণ্ডল, জোনাল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, হরিরামপুর উপজেলার বৈদ্যুতিক মালামাল ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ সার্ভিস প্রোভাইডাররা।

