সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। উপাচার্যকে স্বপদে বহাল রাখার দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য দফতরে তালা দেন।
এর আগে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই তাকে পরিবর্তন করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদেই শিক্ষার্থীরা এ আন্দোলনে নামেন।

