বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকেই এ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। তথ্যসূত্র: আল জাজিরা
স্কট বেসেন্ট বলেন, শুধু ইরানি এয়ারলাইনস নয়, তাদের কার্যক্রমে সহযোগিতা করা বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
তিনি আরও জানান, কোনো ইরানি বিমান বিদেশের কোনো বিমানবন্দরে অবতরণ করার পর সেটিকে সেবা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই সর্বশেষ এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে থাকা ইরানের কয়েকটি এয়ারলাইনসের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। একই সঙ্গে ইরানের বিমান চলাচল খাতকে সহযোগিতা করার অভিযোগে দেশটির বাইরের কয়েকটি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

