সময়পত্র ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পণ্য আনতে ট্রাক ও পিকআপের ভাড়া আগের তুলনায় বেড়েছে। এতে তাদের বেশি দামে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। পরিবহনে অতিরিক্ত ব্যয় হওয়ায় সেই খরচ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে বলে দাবি তাদের।
রাজধানীর খিলক্ষেত খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সবজির দামে পরিবহন ব্যয়ের প্রভাব পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় সবজি আনতে বাড়তি খরচ হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দূরবর্তী অঞ্চল থেকে পণ্য পরিবহনের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
খিলক্ষেত বাজারে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে তার প্রায় ২০ থেকে ২৫ লিটার জ্বালানি প্রয়োজন হয়। জ্বালানির দাম বাড়ায় পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। সেই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের ওপর গিয়ে পড়ছে এবং ভোক্তাদেরই তা বহন করতে হচ্ছে।
ব্যবসায়ীরা আরও জানান, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের বিভিন্ন ক্ষেত্রে পরিবহনসহ অতিরিক্ত ব্যয় বাজার থেকেই সমন্বয় করতে হয়। ফলে পণ্য সরবরাহের প্রতিটি ধাপে খরচ বাড়তে থাকলে তার প্রভাব ধাপে ধাপে গিয়ে পৌঁছায় খুচরা বাজার ও ভোক্তা পর্যায়ে।
এদিকে নিত্যপণ্যের বাড়তি দামে বাজার করতে এসে চাপে পড়ছেন সাধারণ মানুষ। আয়-ব্যয়ের সঙ্গে বাজারের বর্তমান দামের সামঞ্জস্য করতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ক্রেতা। একই সঙ্গে কাঁচাবাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর তদারকি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

