সময়পত্র ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। এরপর আর সে বাড়িতে ফেরেনি।
পরে অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা চেয়ে পোস্ট দেন তার মা ড. নাহিদা বেগম।
পোস্টে তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। অপ্রতীমের বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়ত। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি বলেও জানান তিনি।
একমাত্র সন্তানকে হারিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও তার স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

