সময়পত্র ডেস্ক: ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা ও সহমর্মিতা তৈরিতে পদযাত্রা ও র্যালির আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু অনকোলজি বিভাগের চিকিৎসক ও নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্যান্সারে আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতি মিনিটে চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো সঠিকভাবে রোগ শনাক্ত করা গেলে এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলে শিশুদের ক্যান্সার নিরাময় করা যায় বলেও জানান তারা।

