সময়পত্র ডেস্ক: বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো হবে। একই সঙ্গে জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগও তৈরি হবে।
এছাড়া প্রয়োজনীয় তথ্য ও কারিগরি জ্ঞান বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও জোরদার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতার ফলে দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নৌযান চলাচল, পরিবেশ সুরক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে দুই সংস্থার সক্ষমতা ও কার্যকর সমন্বয় আরও বাড়বে।

