সময়পত্র ডেস্ক: প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ‘ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণে আরাফাত রহমান কোকোকে প্রাণ দিতে হয়েছে। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন এবং মুক্তিযোদ্ধার পরিবার হওয়ায় জিয়ার উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। এ কারণেই পরিবারটির সদস্যদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
এ সময় কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।

