নিজস্ব প্রতিনিধি: মহাজাগতিক বিরল এক দৃশ্যের অপেক্ষায় বিশ্ব। প্রায় দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর মানুষ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে যে বিরল দৃশ্য তৈরি হয়, সেটিই পূর্ণ সূর্যগ্রহণ।
এবারের গ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও এ দৃশ্য দেখা যাবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে আবারও পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। গ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলোকে পুরোপুরি আড়াল করবে। ফলে দিনের বেলাতেই কিছু এলাকায় সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।
তবে গ্রহণ দেখতে আগ্রহী দর্শনার্থীদের জন্য আবহাওয়া কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্ভাব্য বৃষ্টির কারণে ইউরোপের কয়েকটি এলাকায় সূর্যগ্রহণ সরাসরি দেখার সুযোগ ব্যাহত হতে পারে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের দেখানোর কারণেই চাঁদ কখনো কখনো সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে। তখনই সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো বিরল মহাজাগতিক দৃশ্য।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে অনেক বিরল। তাই এবারের গ্রহণ ঘিরে জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

