ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরে মামলার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব দেশে ফিরলে বিমানবন্দর বা অন্য কোথাও তার ওপর হামলা কিংবা মবের শিকার হওয়ার আশঙ্কা নেই। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হতে চান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তবে সাকিবের ব্যক্তিগত অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব একজন ভালো ক্রিকেটার হলেও ব্যক্তি হিসেবে তিনি ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিবের সংশ্লিষ্টতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সাকিবের সাম্প্রতিক সাক্ষাৎকার ও বক্তব্যকে সরকারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি এটিকে ‘প্রপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেন।
এ সময় শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় তার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশে ভবিষ্যতে কোনো ধরনের ‘ফ্যাসিস্ট মাফিয়া রেজিম’ ফিরতে দেওয়া হবে না। তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিকেও তার নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হবে না। সাকিব ও শেখ হাসিনা—দুজনের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য বলে জানান তিনি।

