ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, যুদ্ধের পর হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না। দেশটির সংবাদ সংস্থা মেহরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ বলেন, যুদ্ধ চলাকালে ইরান আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুপক্ষকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা বিষয়টি বুঝতে না পারার ভান করেছে। তবে সময়ই বিভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক। শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পেরেছে, হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই।
নিকজাদের দাবি, তাদের এই অঞ্চলের নতুন বাস্তবতা মেনে নিতে হবে। একইসঙ্গে তিনি বলেন, বর্তমানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কমিয়ে আনা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরানের এই বক্তব্যের ফলে অঞ্চলটির ভবিষ্যৎ নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

