নিজস্ব প্রতিনিধি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোট।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোটের একটি প্রতিনিধিদল।
পরে এক ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

