সময়পত্র ডেস্ক: নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, নারীদের সমতা ও নেতৃত্বের বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশুদের, বিশেষ করে মেয়েদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারপ্রক্রিয়া দ্রুততর করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিএনপি সরকার ইতিহাস সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. জুবাইদা আরও বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ করে সমতা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা নেই: জোনায়েদ সাকি
একই অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রতিযোগিতা করছেন না। বরং তিনি জুলাইকে জনগণের যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন।
জুলাইয়ের আহতদের চিকিৎসা না দিয়ে অনেক চিকিৎসক শপথ ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক কর্মীতে পরিণত হওয়া চিকিৎসকদের শনাক্ত করে তাদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাইয়ের শহীদের সংখ্যা দিয়ে বিষয়টিকে সীমাবদ্ধ রাখতে চায় না। বরং প্রতিটি শহীদের গল্প মানুষের সামনে তুলে ধরতে চায়।

