সময়পত্র ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
আশরাফুল হক ডন সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এরপর মামলার তদন্ত শুরু হলে ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন কয়েক দিন সচল ছিল। পরে তারা আত্মগোপনে চলে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতারের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই রোববার দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়।
এদিকে, মামলার অন্য আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

