সময়পত্র ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে মেটার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। পরে ভিডিওটি আবার ফেসবুকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময় দেশটির যুবসমাজকে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার কাছে ব্যাখ্যা চায় ভারতের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
পরে মেটা জানায়, অনিচ্ছাকৃত একটি পরিচালনাগত (অপারেশনাল) ত্রুটির কারণে ভিডিওটি সীমিত করা হয়েছিল।
এদিকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মেটার শীর্ষ নেতৃত্বের বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিরাপত্তা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলা নিয়েও আলোচনা হয়েছে।
মেটা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্কতা অবলম্বন করা হবে এবং ভারতীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

