সময়পত্র ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর শেরে বাংলা নগরে, সাবেক গণভবনে চালু হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হচ্ছে।
জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন স্মারক, আলোকচিত্র, নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দলিলও সেখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
খোলা থাকবে যে সময়
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকবে।
তবে ইচ্ছামতো সরাসরি গিয়ে প্রবেশ করা যাবে না। জাদুঘর পরিদর্শনের জন্য আগে অনলাইনে আবেদন করে প্রবেশের অনুমতি নিতে হবে।
যেভাবে বুকিং করতে হবে
নির্দিষ্ট দিনে জাদুঘর পরিদর্শন করতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় পছন্দের তারিখ নির্বাচন করা যাবে।
তবে কোনো নির্দিষ্ট দিনের সব প্রবেশ-স্লট পূর্ণ হয়ে গেলে ওই দিনের জন্য আর বুকিং করা যাবে না। সেক্ষেত্রে পরবর্তী কোনো দিনের খালি স্লট বেছে নিতে হবে।
আবেদন সম্পন্ন করার পর দর্শনার্থী আগেই জানতে পারবেন, কোন তারিখ ও কোন সময়ের জন্য তাকে জাদুঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
টিকিটের মূল্য
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের জন্য টিকিটের মূল্য ২৫ টাকা।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ওই সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে।

