নিজস্ব প্রতিনিধি: সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে কমিটির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ।
কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে নাম দিতে বলা হলেও বিরোধী দল কোনো সদস্যের নাম দেয়নি।
কমিটি গঠনের দিনই এর বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে প্রয়োজন ব্যাপক সংস্কার। এ কারণে অন্তর্বর্তী সরকারের সময় নির্ধারিত সংস্কার প্রক্রিয়া অনুসরণ করার পক্ষে অবস্থান নিয়েছে তারা।
ফলে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া, অগ্রাধিকার এবং কমিটির পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।

