ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তথ্যসূত্র: আল-জাজিরা
সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেজায়ি বলেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন নৌবাহিনী ও জাহাজগুলো গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এতে হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি।
রেজায়ি যুক্তরাষ্ট্রকে নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি ইরান মেনে নেবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বিকল্প কোনো নৌকরিডর চালুর বিরোধিতা করে তিনি বলেন, তেহরান এমন কোনো উদ্যোগ অনুমোদন করবে না।
হরমুজ নিয়েই বাড়ছে উত্তেজনা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। গত জুনে দুই দেশের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর জুলাইয়ে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ তৎপরতা আরও জোরদার হয়।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, এরপর থেকে তারা অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করা এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে তারা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

