নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য আনুষ্ঠানিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলভুক্ত বিভিন্ন আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র এবং আনুষ্ঠানিক চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা যে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার অধিকারী, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার এবং জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, সরকারি অনুষ্ঠান ও বিভিন্ন প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে কার্যকর করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। এর ফলে জেলা পর্যায়ের সরকারি আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য প্রটোকল ও মর্যাদা নিশ্চিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।

