নিজস্ব প্রতিনিধি: ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে বোমা বা সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের প্রসঙ্গে তিনি জানান, দুষ্কৃতিকারীরা সেখানে ব্যাগ রেখে গিয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগের তুলনায় এ ধরনের ঘটনা বর্তমানে অনেক কমেছে বলেও জানান তিনি।
দেশে উগ্রবাদী কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই গাড়ি ও যানবাহন সম্পূর্ণ অরক্ষিত রেখে পুলিশ সদস্যরা একসঙ্গে সরে যাবেন না; অন্তত একজনকে গাড়ির কাছে অবস্থান করতে হবে।
এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শর্তসাপেক্ষে বেনজীরকে জামিন দেওয়া হয়েছে। সরকার নিয়োজিত আইনজীবীদের বিষয়টি জানানো হয়েছে এবং জামিনের শর্তগুলো জানতে আদালতের সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামিন বাতিলের জন্য দ্রুত আদালতে আবেদন করার নির্দেশও সংশ্লিষ্ট আইনজীবীদের দেওয়া হয়েছে বলে জানান তিনি। বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

