নিজস্ব প্রতিনিধি: নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, বিদেশগামী কর্মীদের অধিকার সুরক্ষা এবং অনিয়মিত অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। এ সময় অভিবাসন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ অভিবাসন বিষয়ে বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দীর্ঘদিনের সহযোগিতার জন্য তিনি আইওএমকে ধন্যবাদ জানান।
তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে আইওএমের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া সংকটপূর্ণ বিভিন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আইওএমের সহায়তার প্রশংসা করেন তিনি। নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন এবং মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধেও যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
অন্যদিকে, বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনায় উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন আইওএমের উপ-মহাপরিচালক। বৈঠক শেষে অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

