নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি থেকে মাছের রেণুপোনা বিক্রি করে শহরের দিকে ফিরছিল পিকআপ ভ্যানটি। বৌবাজার এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

