সময়পত্র ডেস্ক: হঠাৎ করে মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। ওই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সাঁতার কেটে স্পেনে পৌঁছানো ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। তাদের স্বাভাবিক আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া, আইনি সহায়তা দেওয়া এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে।
এই সুযোগকে কাজে লাগিয়ে মানবপাচারকারী চক্রগুলো অভিবাসনপ্রত্যাশীদের স্পেনে প্রবেশে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে স্পেন সরকার।
সেউতা কেন গুরুত্বপূর্ণ?
স্পেনের অংশ হলেও সেউতা উত্তর আফ্রিকায় অবস্থিত এবং এর একমাত্র স্থলসীমান্ত মরক্কোর সঙ্গে। মরক্কো উপকূল থেকে সমুদ্রপথে মাত্র কয়েক কিলোমিটার দূরেই সেউতা। ফলে ইউরোপে প্রবেশের সহজ পথ হিসেবে দীর্ঘদিন ধরেই অঞ্চলটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক ঘটনায় কেউ সাঁতরে, আবার কেউ কাঁটাতারের বেড়া টপকে সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন। গণ-অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন। একই সঙ্গে অনেককে মরক্কোতে ফেরত পাঠানো হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলো সুপ্রিম কোর্টের রায়ের নির্দিষ্ট ব্যাখ্যার অপব্যবহার করে এই পরিস্থিতি তৈরি করেছে। তবে মরক্কো সরকারের সহযোগিতার প্রশংসা করেছে মাদ্রিদ।
এদিকে, অনুপ্রবেশের সময় হতাহতের ঘটনাও ঘটেছে। সেউতা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে। সমুদ্রে ডুবে যাওয়া এবং সীমান্তের অবকাঠামো পার হওয়ার সময় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তবে এটি প্রথমবার নয়। ২০২১ সালেও মাত্র দুই দিনে প্রায় ১০ হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিল, যা দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছিল।

