সময়পত্র ডেস্ক: ছয় দিনের বিরতির পর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার দিকে হামলা শুরু হয়। এরপর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম এই অভিযানকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে। হামলায় দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর সেখানে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এ ছাড়া বন্দর আব্বাস, কিশ ও আবু মুসা দ্বীপেও হামলা চালানোর খবর পাওয়া গেছে।
খুজেস্তান প্রদেশের আবাদান, ফার্স প্রদেশের কাজেরুন শহর এবং বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়েছে।
এর এক দিন আগে ইরাকে ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর অবস্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী হামলা চালায়। ওই ঘটনায় অন্তত ২০ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে থাকা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এর পরদিনই ইরানে নতুন করে মার্কিন হামলার ঘটনা ঘটল। ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

