সময়পত্র ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রামে ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭০ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।
এদিকে, সর্বশেষ দুইজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩০ জন।

