নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা কমানো এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন এবং চক্ষুস্বাস্থ্য খাতে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

