সময়পত্র ডেস্ক: ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ জনে। সোমবার (২৯ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, ভয়াবহ এ দুর্যোগে অন্তত ২২ হাজার ৬১৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৩৪ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণভাবে ধসে গেছে।
ভূমিকম্পের পর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রদ্রিগেজ জানান, মূল কম্পনের পর এ পর্যন্ত ৬০৯টি আফটারশক রেকর্ড করা হয়েছে। সোমবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হলেও এতে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল ও ত্রাণকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান যত এগোবে, হতাহতের প্রকৃত চিত্র ততই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

