নিজস্ব প্রতিনিধি: চলতি অর্থবছরে কারিগরি শিক্ষাখাতের উন্নয়নে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী বাজেটে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম এবং সাংস্কৃতিক চর্চার বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে সময়ের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম ও সিলেবাস আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী অতীতের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে বলেন, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে থাকলেও তা অনেক সময় জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল।
তিনি বলেন, সে সময় খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, পরবর্তীতে অর্থ সহায়তার মাধ্যমে শিক্ষা কার্যক্রম এবং মেয়েদের উপবৃত্তি চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপ শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষিত, দক্ষ এবং মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির বিকল্প নেই।

