নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। হাটের বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয়ভাবে উৎপাদিত তাজা আমের স্বাদ গ্রহণ করেন এবং তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে পৌঁছে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তিনি বিভিন্ন জাতের আম, বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটি তার প্রথম আনুষ্ঠানিক রাজশাহী সফর। যদিও ২০২০ সালে একবার তিনি এই অঞ্চলে এসেছিলেন, তবে এবারের সফরের মূল আকর্ষণ ছিল আমের মৌসুম উপভোগ করা এবং রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নেওয়া।
তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন, তাই কৃষিপণ্যের উৎপাদনস্থল সরাসরি দেখার অভিজ্ঞতা সবসময়ই বিশেষ। তার মতে, রাজশাহীর আমের মতো তাজা ও বৈচিত্র্যময় ফল অনেক দেশে সহজে পাওয়া যায় না।
বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে, তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম পাওয়া যায় যা মূলত বিভিন্ন খাদ্যপণ্য ও শেকে ব্যবহার করা হয়। তাই বাংলাদেশের তাজা আম সেখানে বড় বাজার তৈরি করতে পারে।
তিনি রপ্তানি বাড়াতে আধুনিক কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সঠিক সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশের আম আন্তর্জাতিক বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
হাটের ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তাদের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, এতে রাজশাহীর আম বিশ্ববাজারে আরও পরিচিতি পাবে এবং রপ্তানির সুযোগ বাড়বে।

