কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক পাইলটের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাল লাইসেন্স ব্যবহার করে যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অভিযুক্ত জিওফ্রি ওয়ালের বয়স ৫৯ বছর এবং তিনি অন্টারিও প্রদেশের বাসিন্দা।তথ্যসূত্র: বিবিসি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ক্যাপ্টেন পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ভুয়া নথিপত্রের মাধ্যমে পাইলট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই এয়ার কানাডা ওই পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্বতঃপ্রণোদিত হয়ে কানাডার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডাকে বিষয়টি অবহিত করে।
এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা কোনো সময়ই হুমকির মুখে পড়েনি। তাদের দাবি, সংস্থার সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর বাধ্যতামূলক দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পাইলটকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

