সময়পত্র ডেস্ক: দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি ও স্বচ্ছতা আনতে নতুন কৌশল গ্রহণ করেছে সরকার। বাজেটের আকার বাড়লেও উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্নের প্রেক্ষাপটে এবার প্রকল্প ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে ডিজিটাল মনিটরিংয়ের ওপর।
নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, চলতি জুনের মধ্যেই চলমান ৩১৪টি প্রকল্প শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে ৮০টি প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলাসংক্রান্ত প্রকল্পগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়ন ও তদারকি আরও কার্যকর করতে চালু করা হচ্ছে ডিজিটাল প্রজেক্ট প্রসেসিং সিস্টেম (পিপিএস)।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোকে সমন্বিত কাঠামোর আওতায় এনে ফলাফলভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করা হবে। তিনি জানান, উচ্চ পর্যায় থেকে অপ্রয়োজনীয় ব্যয়বহুল প্রকল্প এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে এবং বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সক্ষম প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা আরও শক্তিশালী হবে।

