নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার ৯৫ বছর বয়সী মা নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ দেখতে পান।
স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
নিহতের নাতি রাসেল বলেন, “আমার ফুপু নিজেই দাদিকে হত্যার কথা জানিয়ে আমাদের ডাকেন এবং পুলিশ ডাকতে বলেন।”
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

