নিজস্ব প্রতিনিধি: আলোচিত রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা হত্যা মামলায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত গ্রেফতার অভিযান, তদন্ত কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়া দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। বিশেষ করে গোয়ালন্দ ঘাটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে অবদানের জন্য তাদের স্বীকৃতি দেওয়া হবে। একইসঙ্গে তিনি বলেন, ভালো কাজের পুরস্কার যেমন থাকবে, তেমনি দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

