নিজস্ব প্রতিনিধি: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল বুধবার (৩ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় রামিসার পরিবারের সদস্য, তদন্তকারী পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উপস্থাপিত হয়। সাক্ষীদের বক্তব্যে হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট নানা তথ্য উঠে আসে।
সাক্ষ্য দিতে গিয়ে আদালতে আবেগাপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা-মা। এ সময় পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আগামীকাল আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করবেন।

