নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। তিনি নিজেও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। রাত ৮টার দিকে বাবার সঙ্গে শেষবার কথা হলে তিনি জানান, কয়েকজন লোক তার পিছু নিয়েছে। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হলেও সারারাত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছেই তার ইজিবাইক পাওয়া গেলেও গাড়িটির চারটি ব্যাটারি ছিল না।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পাড়ে ছিল।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

