নিজস্ব প্রতিনিধি: চলতি জুন মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ।
সোমবার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
জুন মাসের মাঝামাঝি সময়ে বর্ষা মৌসুমের প্রথম মাস আষাঢ় শুরু হওয়ার কথা। সাধারণত এ মাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তবে এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে, গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে অস্বাভাবিক বৃষ্টির কারণে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষতি হয়েছে।

