নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় মাজার ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (১ জুন) রাত ৮টার দিকে গোসল করতে নামার সময় একটি কুমির ফাতেমাকে কামড়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে যোগ দেন।
স্থানীয়দের ভাষ্য, ফাতেমা দীঘির ঘাটে নামার পর হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে। এ সময় মাজার এলাকায় থাকা লোকজন নৌকা নিয়ে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান, তবে রাতেই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজার এলাকাতেই বসবাস করত।

