নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সোমবার ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং আদালতে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
এর আগে, গত ২৪ মে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। দ্রুত বিচার সম্পন্ন করে এক মাসের মধ্যে রায় দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শুনানি শেষে পিপি আজিজুর রহমান দুলু সাংবাদিকদের জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেন, আসামিরা ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

