নিজস্ব প্রতিনিধি: সরকার কোনো জনতুষ্টিমূলক সিদ্ধান্তে বিশ্বাসী নয়; বরং দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার তাৎক্ষণিকভাবে জ্বালানির দাম বাড়ায়নি। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও উন্নয়নগত স্বার্থ বিবেচনায় নেওয়া হচ্ছে।
এসময় গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী জানান, পেশাদার দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমকে কোনো ধরনের বাধা দেওয়া হলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

