ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করেছে, রোববার (৩১ মে) তিনি দেশের সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ এমন খবরকে ‘মিডিয়া গেইম’ বলে আখ্যা দিয়ে জানিয়েছে, দেশ ঐক্য ও সংহতির পথ থেকে সরে আসবে না।
কয়েক মাস ধরেই পশ্চিমা গণমাধ্যমে ইরানের সরকার ও সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে মতবিরোধের খবর প্রকাশিত হচ্ছে। এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ধীরে ধীরে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা সীমিত করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে নিজেদের প্রভাব বাড়িয়েছে।
সাম্প্রতিক প্রতিবেদনে গণমাধ্যমটি আরও দাবি করেছে, পেজেশকিয়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনির কাছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন। সেখানে তিনি নাকি উল্লেখ করেছেন যে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকারকে কার্যত বাইরে রাখা হয়েছে এবং এতে রাষ্ট্র পরিচালনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে নিজের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বিদেশি গণমাধ্যম ইরানের অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং জাতীয় ঐক্য দুর্বল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।

