ক্রীড়া ডেস্ক: সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে গ্রুপপর্বে জয় দিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় সাবিনা খাতুনদের দল।
রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুই দল। এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন সাবিনা, রূপনা ও তাদের সতীর্থরা। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে দল। সেখানে ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, বল দখল ধরে রাখার অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতি নিয়ে কাজ করা হয়।
অনুশীলনের শেষভাগে প্রধান কোচ পিটার বাটলার ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দেন। দলের সব খেলোয়াড়ই ফিট থাকায় ভারতের বিপক্ষে পূর্ণশক্তির একাদশ মাঠে নামাতে পারবে বাংলাদেশ।
ম্যাচের আগে পিটার বাটলার বলেন, “আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল এবং আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় রয়েছে। ভারত যদি আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, আমরাও প্রস্তুত। আমরা যেমন রক্ষণ সামলাতে পারি, তেমনি গোলের সুযোগও তৈরি করতে জানি।”

