নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের শুভগাছা সাফলজানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুর মহল্লার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮) এবং শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। আবু রায়হান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তামিম পড়তেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে।
আহত হয়েছেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় আরোহী গুরুতর আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পর আবু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে মারা যান তামিম হোসেন।
শেরপুর থানার এসআই বিকাশ চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

