যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ। তথ্যসূত্র: রয়টার্স
শুক্রবার প্রকাশিত এক নতুন নীতিমালায় এ তথ্য জানানো হয়। মার্কিন কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কেউ গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের আওতাধীন সংস্থা ইউএসসিআইএস জানিয়েছে, নতুন এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থা আরও কঠোরভাবে আইনের আওতায় পরিচালিত হবে এবং বিভিন্ন ধরনের অপব্যবহার বা ফাঁকফোকর ব্যবহারের সুযোগ কমবে।
তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে অন্যান্য অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তি করাও সহজ হবে।
তবে সিদ্ধান্তটির সমালোচনা করেছে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী সংগঠনগুলো। হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি বলেছে, এতে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত শিশু ও ঝুঁকিতে থাকা মানুষদের আবারও অনিরাপদ পরিবেশে ফিরে যেতে বাধ্য করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই অংশ।
এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

